অনলাইন ডেস্ক
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কলেজ শিক্ষার্থী রাকিবুল হাসান রাকিবকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার গোলাম রসুল শিহাব এবং সাগর কবির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া, রাফিন শেখ এবং শাহরিয়ার নাজিম জয় নামে দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের জবানবন্দি রেকর্ড এবং রিমান্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. মিঠু সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চার আসামির মধ্যে শিহাবকে ঘটনাস্থল শহীদ মিনার থেকে, সাগরকে পটুয়াখালী থেকে এবং রাফিন ও জয়কে খুলনা থেকে গ্রেফতার করা হয়। এই চার আসামিকে আদালতে হাজির করা হলে আসামি শিহাব এবং সাগর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এজন্য তা রেকর্ড এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি রাফিন ও জয়ের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শিহাব এবং সাগর আদালতে জবানবন্দি দিয়েছেন। অপর দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান এ তদন্ত কর্মকর্তা।
Reporter Name 
















