অনলাইন ডেস্ক
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (২৮ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় সংসদের মাননীয় স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) সাহেবের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালের সংবাদে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার রূহের মাগফিরাত কামনা করে ডা. শফিকুর রহমান বলেন, আমি মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি- তিনি যেন তার নেক আমলসমূহ কবুল করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।
তিনি আরও বলেন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাহেবসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাদের এই কঠিন শোক সইবার ধৈর্য ও শক্তি দান করুন। আমিন।
উল্লেখ্য, দিলারা হাফিজ শনিবার বেলা দেড়টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমা দিলারা হাফিজ তার দীর্ঘ কর্মজীবনে দেশে শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন মেয়াদে ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
Reporter Name 











