সবুজদিন রিপোর্ট।।
বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ফারুক আহমেদ।
আজ মঙ্গলবার পুলিশ সদরদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, ফারুক আহমেদ ১৯৭১ সালের ২৯ জুলাই বগুড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৭ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ২২ ফেব্রুয়ারি ১৯৯৮ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
প্রায় তিন দশকের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফোর্সেস হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিআইডি, লাইবেরিয়া ও দারফুর জাতিসংঘ মিশন, পুলিশ সুপার হিসেবে সফলতার সঙ্গে মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলার দায়িত্ব পালন এবং দেশের বিভিন্ন জেলা পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করেছেন।
ফারুক আহমেদ বহুমাত্রিক প্রশাসনিক দক্ষতা, অপারেশনাল নেতৃত্ব এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়নে স্বীয় মেধা ও প্রজ্ঞার স্বাক্ষর রেখেছেন। তিনি গত ৪ জুন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। কর্মজীবনে তিনি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
ভারত, চীন ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও পেশাগত কর্মসূচিতে অংশগ্রহণ করে আন্তর্জাতিক মানসম্পন্ন পুলিশিং বিষয়ে তার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছেন ফারুক আহমেদ।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে তার যোগদানের মাধ্যমে দেশের মহাসড়কে নিরাপদ, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনমুখী পুলিশি সেবা আরও গতিশীল ও বেগবান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
Reporter Name 





















