সবুজদিন রিপোর্ট।।
সুন্দরবনে কাঁকড়া আহরণের সময় বন বিভাগের কর্মীদের গুলিতে আমিনুর রহমান গাজী নামে এক জেলে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১৮ মে) সকাল ৭টার দিকে সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখী খাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমিনুর রহমান গাজী (৪৫) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বাসিন্দা।
নিহতের সঙ্গে থাকা জেলেদের দাবি, তারা সুন্দরবনের শতমুখী খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বন বিভাগের খুলনা স্মার্ট পেট্রল টিমের সদস্যরা তাদের ডাক দেন। জেলেরা কাছে না গেলে বন বিভাগের সদস্যরা গুলি ছোড়ে বলে অভিযোগ করেন তারা। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার বিষয়ে বন বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, সুন্দরবনের ভেতরে বর্তমানে বনদস্যু নির্মূলে যৌথ বাহিনীর অভিযান চলছে। সেখানে বনবিভাগ, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনী একযোগে দায়িত্ব পালন করছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, ইতোমধ্যে খুলনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও), সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক (এসিএফ), শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানায় আমি বিষয়টি অবহিত করেছি। বন বিভাগের ডিএফও আমাকে আশ্বস্ত করেছেন, সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে এ বিষয়ে বন বিভাগের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য জানতে সুন্দরবন পশ্চিমের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এদিকে বন বিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজীর মৃত্যুর ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। বিক্ষুব্ধ জেলে ও স্থানীয় বাসিন্দারা ইতোমধ্যে বন বিভাগের অফিস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন।
Reporter Name 





















