অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ধীরগতির ইনিংস খেলায় সমালোচনার মুখে আছেন বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ২৪ বলে ২৫ রান করে আবারও আলোচনার কেন্দ্রে এই পাকিস্তানি ব্যাটসম্যান।
এবার বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। তার মতে, পাকিস্তান ক্রিকেটের অভ্যন্তরীণ রাজনীতির কারণেই বাবরকে দল থেকে বাদ দেওয়া সম্ভব নয়। আর সে কারণেই কোচ মাইক হেসন তাকে ‘ইন্স্যুরেন্স পলিসি’ হিসেবে ব্যবহার করছেন।
ক্রিকবাজে আলোচনায় ভন বলেন, ‘পাকিস্তানে বিদেশি কোচদের কাজ করা সহজ নয়। বাবরকে খেলাতেই হবে এই বাস্তবতা হেসন ভালোভাবেই সামলাচ্ছেন। দুটি উইকেট পড়ে গেলে বাবর চার নম্বরে নেমে ইনিংস ধরে রাখার কাজটি করতে পারে।’
চলতি বিশ্বকাপে চার ইনিংসে বাবরের সংগ্রহ ৯১ রান, স্ট্রাইক রেট ১১২.৩৪। অন্তত ৭৫ রান করা ব্যাটসম্যানদের মধ্যে তার স্ট্রাইক রেট সবচেয়ে কম। রান সংগ্রাহকদের তালিকায়ও তিনি অনেক নিচে।
ভনের বিশ্লেষণ অনুযায়ী, শ্রীলঙ্কার ধীরগতির উইকেটে ১৫০-১৮০ রানের ম্যাচে বাবর কার্যকর হতে পারেন। ভন বলেন, ‘সে ১৬০-১৭০ রান পর্যন্ত অবদান রাখতে পারে। কিন্তু ২০০ বা তার বেশি রানের ম্যাচে সে এখন আর সেই ভূমিকায় নেই।’
তবে ইংল্যান্ডের বিপক্ষে পাল্লেকেলেতে পাকিস্তান তোলে ১৬৪ রান। উইকেটে বল গ্রিপ করলেও বাবর খেলেন ১০৪.১৬ স্ট্রাইক রেটে—ভনের প্রত্যাশিত ১২৫-১৩০ স্ট্রাইক রেটেও পৌঁছাতে পারেননি তিনি।
ম্যাচটি হেরে সেমিফাইনালের দুয়ারে কার্যত বিদায়ের মুখে পাকিস্তান, আর জয় নিশ্চিত করে শেষ চারে জায়গা করে নেয় ইংল্যান্ড। বাবরকে নিয়ে বিতর্ক তাই আরও জোরালো হয়ে উঠেছে।
Reporter Name 













