স্পোর্টস ডেস্ক
চলতি বছরেরজুলাই-আগস্টে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফরের কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি বাতিল করা হয়েছে। লজিস্টিক সমস্যা আর অর্থসংকটকে কারণ দেখিয়ে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে এখন পর্যন্ত আয়ারল্যান্ড এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কিছু জানায়নি।
বাংলাদেশের সিরিজ বাতিল হলেও আয়ারল্যান্ড তাদের গ্রীষ্মকালীন সূচিতে নিউ জিল্যান্ড, ভারত ও আগফানিস্তানকে আতিথেয়তা দেবে। বুধবার তারা সূচি চূড়ান্ত করেছে। সূচি অনুযায়ী, ২৭–৩১ মে নিউ জিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে তারা। এরপর ২৬ ও ২৮ জুন ভারতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। আর আগস্টে আফগানিস্তানের বিপক্ষে ৫, ৭, ১০, ১২ ও ১৪ তারিখে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে আইরিশরা।
এর আগে ২০১৯ সালেও বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও তা বাতিল করেছিল আয়ারল্যান্ড। তখন একটি টেস্ট আয়োজন করতে প্রায় ১ মিলিয়ন ইউরো খরচ হওয়ায় সেই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও সফরটি পুরোপুরি বাতিল হয়নি; টেস্টের পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করা হয়েছিল। তবে এবার সাদা বলের ছয় ম্যাচের পুরো সিরিজই বাতিল হয়ে গেল। এ সিরিজ বাতিলের প্রভাব পড়তে পারে বাংলাদেশের ওপরও। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের জন্য প্রতিটি ওয়ানডে ম্যাচই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি পয়েন্ট অর্জনের একটি বড় সুযোগ হতে পারত। ফলে সিরিজটি না হওয়ায় কিছুটা ক্ষতির মুখে পড়তে পারে দলটি।
Reporter Name 

























