বগুড়া প্রতিনিধি
বগুড়ায় একাধিক মামলার আসামিকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে শাহাজাহানপুর উপজেলার বনানী গাক চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ২টি হাতুড়ি ও ২টি রাম-দা উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম রকি মাহমুদ (২৬)। তিনি গণ্ডগ্রামের উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। রকি এলাকায় ইট বালুর ব্যবসা করতো। রকির নামে অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, দুপুর দেড়টার দিকে গাক চক্ষু হাসপাতালের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন রকি। কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়৷ পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নাম প্রকাশের অনিচ্ছুক স্থানীয়রা জানান, রকি এলাকার মানুষকে জিম্মি করে বাড়ি নির্মাণ কাজে জোর করে ইট-বালু সরবরাহ করত। এ ছাড়াও সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডে জড়িত ছিল।
নিহত রকির বাবা বেলাল হোসেন জানান, কয়েকজন যুবক তাকে ডেকে নিয়ে খুন করেছে। তবে কি কারণে রকি খুন হলো সে বিষয়ে তিনি তাৎক্ষণিক কিছু বলতে পারেননি।
কৈগাড়ি পুলিশ ফাড়ির ইনচার্জ আবু সুফিয়ান জানান, রকি অস্ত্র, মাদক, ছিনতাই, ছুরিকাঘাতসহ একাধিক মামলার আসামি। দেড় মাস আগে জেল থেকে জামিনে মুক্ত হয়েছেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে রকিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মাথার পিছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ হত্যাকাণ্ডের পিছনে পূর্ব শত্রুতা থাকতে পারে এবং রকির পরিচিতরাই জড়িত।’
Reporter Name 






















