সবুজদিন রিপোর্ট।।
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ এক বাংলাদেশির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এদিকে, ওই অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ৫ বাংলাদেশি আহত হয়েছিলেন।
শুক্রবার (৫ জুন) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
নয়াদিল্লির হোটেলে লাগা আকস্মিক আগুনে সেখানে অবস্থানরত দুটি বাংলাদেশি পরিবারের সদস্যরা গুরুতরভাবে দগ্ধ ও আহত হন — বলে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তথ্য দেয়।
ঘটনার পর তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আমিন নামে ৪৪ বছর বয়সী এক বাংলাদেশির মৃত্যু হয়। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি সহ বিশ্বের ৭টি দেশের মোট ২২ জন নাগরিক প্রাণ হারিয়েছেন।
এ বিষয়ে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, প্রয়াত নুরুল আমিনের মরদেহ যত দ্রুত সম্ভব বাংলাদেশে তার পরিবারের কাছে পাঠানোর প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও চিকিৎসাধীন বাকি বাংলাদেশি পরিবারগুলোর সাথে হাইকমিশন সার্বক্ষণিকভাবে যোগাযোগ রক্ষা করে তাদের সব ধরনের সহযোগিতাও দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
উল্লেখ্য, বুধবার (৩ জুন) ভারতের দক্ষিণ দিল্লির মালব্য নগরের হাউজ রানি এলাকায় ‘ফ্লোরিশ স্টে বি’ নামে একটি আবাসিক হোটেল ভবনে অগ্নিকান্ডের ঘটনায় আহত ও নিহতের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন ৫ বাংলাদেশিও। আহত ও নিহতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের নাগরিকরাও আছেন।
Reporter Name 






















