সবুজদিন রিপোর্ট।।
রাজধানীর ফার্মগেটে একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারও কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেল থেকে জানানো হয়, সকালে হঠাৎ একটি মাইক্রোবাসে আগুন ধরে যায়। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগুনের কারণ জানিয়ে মিডিয়া সেল থেকে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। কিন্তু গাড়িটি পুড়ে গেছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথমে চলন্ত মাইক্রোবাসটিতে একটা বিকট আওয়াজ হয়। এরপর গাড়ির ভেতরে যারা ছিল তারা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন। এর ফলে কারও কোনো ক্ষতি হয়নি।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটেছে কি না জানতে চাইলে ক্যাশৈন্যু মারমা বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেনি। সিলিন্ডার বিস্ফোরিত হলে অনেক ক্ষয়ক্ষতি হতো। গাড়িটা পুড়ে গেছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য আপাতত গাড়িটি সড়ক থেকে সরিয়ে রাখা হয়েছে বলে জানান তিনি।
Reporter Name 




















