বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট-রামপাল-মোংলা জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রসস্ততায় উন্নয়ন প্রকল্পের আওতায় বাগেরহাট সড়ক বিভাগের পক্ষ থেকে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। তিনি বলেন, ‘উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ক্ষতিগ্রস্তদের ন্যায্য পাওনা দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে প্রদান নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রাং, উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুর রহিম এবং বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
এদিন অনুষ্ঠানে তিনজন ভূমি মালিকের হাতে মোট ৫৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে এ প্রকল্পের আওতায় মোট ৪৮ কোটি টাকার ক্ষতিপূরণ বিতরণ করা হবে।
চেক পেয়ে উপকারভোগী একাধিক জমির মালিক সন্তোষ প্রকাশ করে বলেন, ‘কোনো ধরনের দৌড়ঝাঁপ বা তদবির ছাড়াই তারা ক্ষতিপূরণের অর্থ পেয়েছেন। তাদের কারও ঘুষ বা অনৈতিক কোনো লেনদেন করতে হয়নি। এতে তারা সরকারের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’
আয়োজকরা জানান, উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 
























