স্পোর্টস ডেস্ক
যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি সাধারণত বেশ কড়াকড়ি পরিবেশেই সম্পন্ন হয়। তবে আর্জেন্টিনা ফুটবল দলের সদস্যদের এক নিয়মিত নিরাপত্তা পরীক্ষার সময় ঘটে যায় এক মজার ঘটনা, যা দেখে হাসি চাপতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের নিরাপত্তা চেকপয়েন্টে তল্লাশির মধ্য দিয়ে যাচ্ছেন আর্জেন্টিনা দলের ফুটবলাররা। এ সময় মেসির সামনে থাকা এক সতীর্থের ব্যাগে একটি বার্বিকিউ লাইটার শনাক্ত করেন নিরাপত্তাকর্মীরা এবং সেটি জব্দ করা হয়।
ঘটনাটি দেখে মেসি হেসে ওঠেন এবং কয়েক মুহূর্ত ধরে নিজের হাসি নিয়ন্ত্রণ করতে পারেননি। তার সেই স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে এবং ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
তবে ভিডিওটি যুক্তরাষ্ট্রের কোন বিমানবন্দরে ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ মায়ামিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে মাঠের পারফরম্যান্সেও দারুণ ছন্দে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। জর্ডানের বিপক্ষে জয় তুলে নেওয়ার পর ইনস্টাগ্রামে দলের উদযাপনের কয়েকটি ছবি শেয়ার করেন মেসি। পোস্টে তিনি লেখেন, আরও একটি ম্যাচ জিতে গ্রুপ পর্ব শেষ করলাম। আমরা এখনো একটি দল হিসেবে খেলছি।
মেসির এই মন্তব্যে দলগত ফুটবলের প্রতি তার গুরুত্বই স্পষ্ট হয়ে ওঠে। গ্রুপ পর্বে তিন ম্যাচেই সমন্বিত পারফরম্যান্সের মাধ্যমে সফল হয়েছে আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতা বজায় রেখে নকআউট পর্বেও এগিয়ে যেতে চায় লিওনেল স্কালোনির দল।
জর্ডানের বিপক্ষে ম্যাচে একাদশে বড় ধরনের পরিবর্তন আনেন স্কালোনি। নকআউট পর্ব আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় প্রথম একাদশের নয়জন খেলোয়াড়কে বিশ্রাম দেন তিনি। বিশ্রামে ছিলেন মেসিও। মূলত বেঞ্চের ফুটবলারদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন আর্জেন্টিনা কোচ।
সেই সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত খেলেন বদলি ও রিজার্ভ ফুটবলাররা। প্রথমার্ধে জিয়োভানি লো সেলসো ও লাউতারো মার্তিনেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে জর্ডান। পরে ৬০তম মিনিটে মাঠে নেমেই নিজের উপস্থিতি জানান দেন মেসি। দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে দলের জয় আরও নিশ্চিত করেন তিনি।
চলমান বিশ্বকাপে টানা তিন ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন মেসি। আসরে তার মোট গোলসংখ্যা এখন ছয়, যা তাকে সোনার বুটের দৌড়ে শীর্ষ অবস্থানে রেখেছে। একই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে তার মোট গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯-এ।
Reporter Name 

























