সবুজদিন রিপোর্ট।।
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে আগন্তুক ট্রলার থেকে জলদস্যুদের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে ২ জেলে গুলিবিদ্ধ ও ৪ জেলে গুরুতর আহত হয়েছেন। এসময় ট্রলারে থাকা মাছ এবং গুরুত্বপূর্ণ সরঞ্জাম লুট করে নেয় জলদস্যুরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাগরের কক্সবাজার সৈকতের ৩ নটিক্যাল মাইল পশ্চিমে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন মনু মিয়া (৫৬) ও আব্দুল জব্বার (৪২)। এছাড়া আবুল কাসেম (২৭), ফরিদুল আলম (৩৫), নেজাম উদ্দিন (৩৩), মিজানুর রহমান (২৬) গুরুতর আহত হয়েছেন। আহতদের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ফকির হাট ঘাটে পৌঁছালে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি জসিম উদ্দিন, আবুল কাশেম ও হেফাজ উদ্দিনের মালিকানাধীন ৪ ফিশিং ট্রলারে ৩৬ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকার করতে যায়। পরে মঙ্গলবার রাতে মাছ শিকার করে ফেরার পথে একটি ট্রলার এসে কোনো কিছু বোঝার আগেই দূর থেকে জেলেদের উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে। এতে ফিশিং বোটে থাকা জেলে মনু মিয়ার পিঠে ও আব্দুল জব্বারের পেটে গুলিবিদ্ধ হয়।
ফিশিং ট্রলার মালিক আবুল কাশেম জানান, সাগরে ইলিশ মাছ শিকার করে ফেরার পথে জলদস্যুরা গুলি চালিয়ে হামলা চালায়। এসময় ২ জেলে গুলিবিদ্ধ এবং ৪ জেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে জলদস্যুরা ট্রলারে থাকা মাছ, জাল, ইঞ্জিন সহ নানা সরঞ্জাম নিয়ে যায়। এতে ৪টি ট্রলারসহ প্রায় ৩০ লাখ টাকার বেশি ক্ষতির শিকার হয়েছে।
অপর ফিশিং ট্রলার মালিক নিজাম উদ্দিন জানান, জলদস্যুর কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার হতে পারে।
এ বিষয়ে বার আউলিয়া ঘাট নৌ পুলিশের ইনচার্জ কায়ছার হামিদ বলেন, ‘বিষয়টি শুনেছি কুতুবদিয়া এলাকায় ঘটেছে তাই ওখানকার নৌ-পুলিশ এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’
Reporter Name 
























