সবুজদিন ডেস্ক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে পিতা আকল মিয়া (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় নিহতের বড় ছেলে শহিদুর মিয়া গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়া ও মশিক মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে মশিক মিয়া ধারালো অস্ত্র দিয়ে বাবাকে আঘাত করেন। এতে তার ডান পাঁজরের নিচে গুরুতর জখম হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বাবাকে বাঁচাতে এগিয়ে এলে বড় ছেলে শহিদুর মিয়াকেও ছুরিকাঘাত করা হয়। তার পেটের বাম পাশে আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর মিয়ার অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Reporter Name 






















