আন্তর্জাতিক ডেস্ক
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে ১১০ কেজির বেশি গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। থাইল্যান্ড থেকে ফেরা ওই ভিক্ষুদের প্রত্যেকের লাগেজে অন্তত ৫ কেজি করে গাঁজা লুকানো ছিল।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, এটি ওই বিমানবন্দরের ইতিহাসে সবচেয়ে বড় মাদক উদ্ধারের ঘটনা।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়। লাগেজের নিচে বিশেষ প্রকোষ্ঠ তৈরি করে অত্যন্ত সুকৌশলে এই মাদক বহন করা হচ্ছিল।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩.৪৫ মিলিয়ন ডলার বা প্রায় ১১০ কোটি শ্রীলঙ্কান রুপি। ডেইলি নিউজ জানিয়েছে, শ্রীলঙ্কার বিমানবন্দরে বৌদ্ধ ভিক্ষুদের মাদকসহ গ্রেপ্তারের ঘটনা এটিই প্রথম।
তদন্তকারীরা জানিয়েছেন, গত ২২ এপ্রিল এক স্পনসরের দেওয়া টিকিটে এই তরুণ ভিক্ষুরা থাইল্যান্ডে গিয়েছিলেন। এই পাচারের সঙ্গে স্থানীয় মাদক চক্রের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে শ্রীলঙ্কার পুলিশ নারকোটিকস ব্যুরো। পরবর্তী আইনি ব্যবস্থা ও অধিকতর তদন্তের জন্য গ্রেপ্তারকৃতদের নেগম্বো ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
Reporter Name 



















