আন্তর্জাতিক ডেস্ক
আর্জেন্টিনাকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। দেশটির অর্থায়ন ব্যয় কমানো এবং সরকারি ঋণ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে এই অর্থায়ন প্যাকেজ অনুমোদন করেছে আন্তর্জাতিক আর্থিক সংস্থাটি।
মঙ্গলবার এক বিবৃতিতে বিশ্বব্যাংক জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে দেশটির জন্য বাণিজ্যিক ঋণ হিসেবে ২০০ কোটি মার্কিন ডলার অর্থায়ন প্যাকেজ অনুমোদন করা হয়েছে।
বিশ্বব্যাংকের মতে, এই অর্থায়ন পরিকল্পনায় দুটি গ্যারান্টি একত্র করা হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংকের (আইবিআরডি) একটি নীতিভিত্তিক গ্যারান্টি এবং দ্বিতীয়টি বহুপক্ষীয় বিনিয়োগ গ্যারান্টি সংস্থার (মিগা) গ্যারান্টি।
সংস্থাটি জানিয়েছে, এই গ্যারান্টির আওতায় নেওয়া বাণিজ্যিক ঋণের মেয়াদ হবে ছয় বছর। এর মধ্যে প্রথম তিন বছর থাকবে গ্রেস পিরিয়ড বা ঋণ পরিশোধে ছাড়ের সময়। বিশ্বব্যাংকের ভাষ্য অনুযায়ী, এই অর্থায়ন প্যাকেজ আর্জেন্টিনাকে আন্তর্জাতিক আর্থিক বাজার থেকে তুলনামূলক কম খরচে অর্থ সংগ্রহে সহায়তা করবে এবং সরকারি ঋণ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, ডলারের মজুত তলানিতে ঠেকে যাওয়ায় করোনা মহামারির পর থেকে মূল্যস্ফীতি বাড়ছে আর্জেন্টিনায়। ২০২৪ সালে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো মূল্যস্ফীতির হার ছুঁয়েছে ১০০-র কোঠা। ফলে খাদ্য-ওষুধ-জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের লাগামহীন আকাশছোঁয়া মূল্যে নাভিশ্বাস উঠছে দেশটিতে থাকা মানুষদের।
Reporter Name 




















