আন্তর্জাতিক ডেস্ক
মিনাব শহরে বালিকা বিদ্যালয়ে হামলায় ১৫০ জন ছাত্রী নিহত হয়েছে -দ্য গার্ডিয়ান
মার্কিন সামরিক তদন্তকারী ব্যক্তিরা মনে করছেন, গত শনিবার ইরানের একটি বালিকা বিদ্যালয়ে যে হামলা হয় এবং যাতে বহু শিশু নিহত হয়েছে, সেটির জন্য সম্ভবত মার্কিন বাহিনীই দায়ী। তবে তদন্তকারী ব্যক্তিরা এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি কিংবা তদন্ত এখনও শেষ হয়নি- এমনটাই বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা।
বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্বীকার করেন, ঘটনাটি তদন্ত করছে সামরিক বাহিনী। স্পর্শকাতর সামরিক বিষয় হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা। তারা এমন সম্ভাবনাও উড়িয়ে দেননি যে নতুন কোনো প্রমাণ সামনে আসতে পারে, যা যুক্তরাষ্ট্রকে দায়মুক্ত করবে, আর ঘটনাটির জন্য অন্য কোনো পক্ষকে দায়ী হিসেবে ইঙ্গিত করবে।
ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে গত শনিবার হামলা হয়। সেদিনই ইরানের বিরুদ্ধে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জেনেভায় জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আলি বাহরেইনি বলেন, স্কুলটিতে হামলায় ১৫০ জন ছাত্রী নিহত হয়েছে।
তদন্তের বিষয়ে সরাসরি মন্তব্য করেনি হোয়াইট হাউস। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ দপ্তর বর্তমানে এই বিষয়টি তদন্ত করছে। ইরানের শাসকরা দেশটির বেসামরিক নাগরিক ও শিশুদের নিশানা করছে, যুক্তরাষ্ট্র করছে না।
Reporter Name 























