পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর টিকটক ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। গত দুই দিন ধরে ফেসবুকে ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি নজরে আসে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ভ্যানগাড়িতে বসে থাকা এক ‘কিশোরীর’ পোশাক জোরপূর্বক খুলে দেওয়ার দৃশ্য ধারণ করা হয়েছে, যা সামাজিকভাবে চরম অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় বলে মনে করছেন সচেতন মহল। ঘটনাটি পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নারায়নডহর গ্রামে সংঘটিত হয়েছে বলে জানায় পুলিশ।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে মাঠে নামে। প্রাথমিক তদন্তে জানা যায়, শুধুমাত্র ভাইরাল হওয়ার উদ্দেশ্যে তিন বন্ধু পূর্বপরিকল্পিতভাবে ভিডিওটি তৈরি করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নসিবপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. হানিফ উদ্দিন (১৩)-কে মেয়ে সাজিয়ে ভিডিওতে ব্যবহার করা হয়। ভিডিও ধারণ করে ওয়াসিমের ছেলে রাকিব (১৯), যিনি স্কেটিং করে ঘটনাস্থলে আসে। অপর সহযোগী রোমান, নারায়নডহর গ্রামের বাসিন্দা, ভিডিও তৈরিতে অংশ নেয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনার দিন রাতেই অভিযুক্ত তিনজন তাদের ব্যবহৃত ফেসবুক পেজ ডিঅ্যাকটিভ করে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ওসি দিদারুল ইসলাম আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
Reporter Name 
























