কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শুক্রবার (১৭ এপ্রিল) হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক যুবক হোমনা উপজেলার ওপারচর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে ওসি টমাস বড়ুয়া বলেন, স্থানীয়রা একজনকে আটক করে আমাদের খবর দিয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি। তিনি এখন থানা হেফাজতে আছেন।
আটক যুবকের নাম জানতে চাইলে ওসি বলেন, আগে জিজ্ঞাসাবাদ করি পরে নাম জানানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য আমাদের একটু সুযোগ দেন। কারণ এই মামলায় ৫ থেকে ৬ জন অজ্ঞাতনামা আসামি আছে।
এর আগে বুধবার রাতে কুমিল্লার হোমনা উপজেলায় যাত্রাপথে স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করা হয়। পৌর এলাকার কৃষি কলেজের অদূরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভুক্তভোগী গৃহবধূ হোমনা থানায় ধর্ষণ মামলা করেন। এতে আশিকুর রহমান নামের এক যুবককে প্রধান আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ও তার স্বামী হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় থাকেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা অটোরিকশায় তিতাস উপজেলায় বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে কৃষি কলেজ এলাকা পার হওয়ার পর ওপারচর গ্রামের আশিক ও তার আরও ছয়-সাতজন সহযোগী দুটি মোটরসাইকেলে এসে ওই দম্পতির পথরোধ করেন। অভিযুক্ত যুবকরা দম্পতিসহ অটোরিকশা জোরপূর্বক একটি নির্জন জায়গায় নিয়ে যান। সেখানে আশিক ও তার দুই সহযোগী ওই নারীকে স্বামীর কাছ থেকে ছিনিয়ে নেন। অন্যরা তার স্বামী ও অটোর চালককে দূরে সরিয়ে নিয়ে যান। এ সময় আশিক ওই গৃহবধূকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তরা ওই দম্পতিকে ছেড়ে দিলে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
Reporter Name 
























