সবুজদিন রিপোর্ট।।
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে। প্রায় ৪৫ ফুট দৈর্ঘ্যের তিমিটির শরীরে পচন ধরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্ট সংলগ্ন প্রায় দুই কিলোমিটার গভীর সমুদ্রে তিমিটিকে ভাসতে দেখা যায়। খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিমিটির অস্তিত্ব নিশ্চিত করেন।
স্থানীয় পরিবেশকর্মীরা তিমিটির সংরক্ষণ এবং বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন।
কুয়াকাটার পরিবেশ সংগঠক কেএম বাচ্চু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিমিটি বেলিন প্রজাতির। এটি প্রায় সাত থেকে আট দিন আগে মারা গিয়ে থাকতে পারে। বর্তমানে তিমিটি ভেসে সৈকতের বেলাভূমির দিকে আসছে। বিষয়টি বন বিভাগ ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হবে বলেও জানান তিনি।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনির হোসেন বলেন, বিষয়টি আমরা জেনেছি। আমাদের বিট কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, খবর পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
মৎস্যবিদ ও ওয়ার্ল্ডফিশের সাবেক গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে তিমিটি বেশ কিছুদিন আগে মারা গেছে। তবে শুধু বাহ্যিক অবস্থা দেখে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা সম্ভব নয়।
তিনি বলেন, জাহাজের ধাক্কা, মাছ ধরার জালে আটকে যাওয়া, রোগ সংক্রমণ, সামুদ্রিক দূষণ, খাদ্যসংকট, বার্ধক্যজনিত দুর্বলতা কিংবা অন্যান্য প্রাকৃতিক কারণে তিমিটির মৃত্যু হয়ে থাকতে পারে। প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত ও বিস্তারিত বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
Reporter Name 






















