সবুজদিন রিপোর্ট।।
খুলনা জেলা কারাগার-২ এর দেওয়াল টপকে ইমন মাঝি নামের এক আসামি পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ওই কারাগারের পূর্ব পাশের দেওয়াল ডিঙিয়ে সে পালিয়ে যায়।
জেল সুপার আবু ছায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’
খুলনা জেলা পুরাতন কারাগার থেকে পালিয়ে যাওয়া মো. ইমন মাঝি লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলা জিয়ার বাড়ির ভাড়াটিয়া আবদুল মাঝির ছেলে।
কারাগারের তথ্য অনুযায়ী, ইমন মাঝি সোনাডাঙা থানার একটি চুরি মামলার (নম্বর ০৯ (০১)২৫, তারিখ ২১ আগস্ট ২০২৫) আসামি।
চলতি বছরের ১৩ জুন থেকে জেলা কারাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ইমন মহানগরীর আইনজীবী সমিতি সংলগ্ন পুরাতন জেলা কারাগারের পূর্ব দিকের দেয়াল টপকে আইনজীবী সমিতির দিক থেকে পালিয়ে যায়। বিষয়টি কারাগারের সিসি ফুটেজে ধরা পড়ে। সঙ্গে সঙ্গে কারাগারের ‘পাগলা ঘণ্টা’ বাজানো হয়।
কারা কর্তৃপক্ষ ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।
খুলনা কারাগারের সুপার মো. আবু সায়েম সাংবাদিকদের জানান, কোনো কিছুর সহযোগিতা ছাড়াই ইমন মাঝি নামে এক হাজতি কারাগারের দেয়াল টপকে পালিয়েছে। সিসি ফুটেজের চিত্রে পালানোর ঘটনাটি নজরে এলে দ্রুত তাকে গ্রেপ্তারের জন্য সকল আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়া কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় কারো গাফিলতি রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
Reporter Name 






















