সবুজদিন রিপোর্ট।।
খুলনার রূপসা উপজেলায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় হাসান ওরফে বিহারী হাসান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত সোয়া ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিহারী হাসানের মৃত্যু হয়। নিহত হাসান পূর্ব রূপসার জাবুসা গ্রামের মৃত সিরমান শেখের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চৌরাস্তার মোড়ে অবস্থানকালে ৪ থেকে ৫ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, ঘটনার পর রুবেল নামে একজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের করা হয়নি।
তিনি আরও জানান, মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Reporter Name 






















