সবুজদিন রিপোর্ট।।
গাজীপুরে বাসচাপায় অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।
তিনি হলেন, জামালপুর জেলার মাদারগঞ্জ থানার কয়রা গ্রামের হামেদ প্রামাণিকের ছেলে সুজন (৩৮)। অপরজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা অনাবিল পরিবহনের একটি বাস বাসন সড়ক এলাকায় বাস থামিয়ে যাত্রী ওঠানামা করছিল। এ সময় বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাড়িটিকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অটোরিকশাকে বেপরোয়া গতিতে চাপা দেয়। এতে চালকসহ দুজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশা দুই আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাসের সামনের অংশ কেটে মরদেহ উদ্ধার করা হয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, যাত্রীবাহী বাস চাপায় অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 





















