সবুজদিন রিপোর্ট।।
চট্টগ্রাম নগরীর চশমা হিল ও সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার (৭ জুলাই) দুপুরে নগরীর পাঁচলাইশ থানাধীন চশমা হিল এলাকায় সুমাইয়া আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়। একইদিন সকাল ৯টার দিকে জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে মাটিচাপা পড়ে মো. আশরাফুল ইসলাম তানভীর নামের ১০ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়।
মৃত তানভীর জঙ্গল সলিমপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহিন উদ্দিনের ছেলে। এ ঘটনায় শিশুটির পরিবারের আরও কয়েকজন আহত হয়েছেন।
তানভীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল বলেন, টানা বৃষ্টির কারণে সকালে জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে মাটিচাপা পড়ে এক শিশু মারা গেছে। স্থানীয়দের সহায়তায় পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়েছে।
সুমাইয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, পাহাড়ধসে মাটিচাপা পড়ে এক শিশু মারা গেছে। দুর্ঘটনার সময় বাবা-মা বের হতে পারলেও শিশুটি বের হতে পারেনি। ফলে পাহাড়ের ধসেপড়া মাটি ঘরের উপর পড়লে সেটি ভেঙে মাটি চাপা পড়ে সে। পরে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, নগরীর চশমা হিলে পাহাড়ধসে নিহতের পরিবারের খোঁজ নিতে সেখানে যান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শিশুটির বাবা-মাকে সান্ত্বনা দেন।
Reporter Name 






















