মোঃ ইসমাইল ভূঁইয়া (চৌদ্দগ্রাম)কুমিল্লা।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মোতালেব (৪৪) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গুণবতী ইউনিয়নের চাঁপাছৌ গ্রামের বাসিন্দা এবং আবদুল হকের ছেলে। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী ওমর হাসান।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী একটি পরিবারের অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় আবদুল মোতালেবের বাড়ির উঠানে আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠানস্থলে অবস্থানকালে তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আবদুল মোতালেব দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিলার হিসেবে সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার সকালে গুণবতী মাদ্রাসা মোড়ে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির ইউসুফ মেম্বার, মরহুমের মামা চট্টগ্রামের ঠিকাদার নুরুল আমিন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
Reporter Name 





















