লাইফস্টাইল ডেস্ক
দিনের শুরুতে এক কাপ চা না হলে যেন অনেকেই দিনই শুরু হয় না। অফিসের কাজের চাপ, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটানো-এক কাপ চা যেন নিত্যসঙ্গী। তবে কখনও ভেবেছেন, টানা তিন মাস চা পান বন্ধ করলে শরীর কী ধরনের পরিবর্তন হতে পারে?
বিশেষজ্ঞদের মতে, এর প্রভাব ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে। বিশেষ করে যারা প্রতিদিন কয়েক কাপ চা পান করেন, তাদের শরীর প্রথমদিকে ক্যাফিনের অভাবে কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যায়। তবে সময়ের সঙ্গে শরীর নতুন অবস্থার সঙ্গে মানিয়ে নেয়। এর ফলে ঘুম, শক্তির মাত্রা এবং দৈনন্দিন অভ্যাসে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে।
প্রথম ১-২ সপ্তাহে কী হতে পারে?
নিয়মিত চা পানকারীদের জন্য প্রথম এক থেকে দুই সপ্তাহ কিছুটা কঠিন হতে পারে। ক্যাফিন গ্রহণ বন্ধ করলে মাথাব্যথা, ক্লান্তি, বিরক্তি, মনোযোগে ঘাটতি এবং বারবার চা পান করার ইচ্ছা দেখা দিতে পারে। তবে এসব উপসর্গ সাধারণত সাময়িক। কয়েক দিন পর শরীর ধীরে ধীরে ক্যাফিন ছাড়াই স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে এবং এসব সমস্যা কমে আসে।
তৃতীয় ও চতুর্থ সপ্তাহে কী পরিবর্তন দেখা যায়?
প্রাথমিক অস্বস্তি কাটিয়ে ওঠার পর অনেকেই শরীরে ইতিবাচক পরিবর্তন অনুভব করেন। সারাদিন শক্তির মাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকতে পারে। ক্যাফিনজনিত শক্তির ওঠানামার অনুভূতিও কমে যেতে পারে। একই সঙ্গে চা পান করার তীব্র ইচ্ছাও ধীরে ধীরে কমে আসে।
ঘুমের মানে উন্নতি হতে পারে
চায়ে থাকা ক্যাফিন অনেকের ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে, বিশেষ করে বিকেল বা রাতে চা পান করলে। তাই চা কমিয়ে দিলে বা কিছু সময়ের জন্য বন্ধ রাখলে অনেকের দ্রুত ঘুম আসে এবং ঘুমের মান উন্নত হয়। পর্যাপ্ত ও ভালো ঘুমের কারণে দিনের বেলায় মনোযোগ, কর্মক্ষমতা এবং মানসিক সতেজতাও বাড়তে পারে।
হজমসংক্রান্ত কিছু সমস্যায় উপকার মিলতে পারে
যাদের খালি পেটে দুধ চা পান করার অভ্যাস রয়েছে, তাদের ক্ষেত্রে চা ছাড়ার পর অম্বল, গ্যাস, পেট ফাঁপা বা অস্বস্তির মতো সমস্যা কমতে পারে। তবে এই পরিবর্তন সবার ক্ষেত্রে একই রকম নাও হতে পারে। এটি ব্যক্তির খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার ওপরও নির্ভর করে।
৯০ দিন পর কী পরিবর্তন হতে পারে?
টানা তিন মাস চা পান না করলে শরীর সাধারণত নতুন অভ্যাসের সঙ্গে মানিয়ে নেয়। অনেকেই জানান, তাদের ঘুম আরও গভীর হয়েছে, সারাদিন শক্তির মাত্রা স্থিতিশীল থাকে এবং ক্যাফিনের ওপর নির্ভরতা কমে যায়। অতিরিক্ত ক্যাফিন গ্রহণ কমালে কিছু মানুষের ক্ষেত্রে হৃদ্স্বাস্থ্যের জন্যও ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে।
চা কি পুরোপুরি ছেড়ে দেওয়া জরুরি?
বিশেষজ্ঞদের মতে, চা সম্পূর্ণ ছেড়ে দেওয়া সবার জন্য জরুরি নয়। বরং পরিমিত পরিমাণে চা পান করলে তা স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ হতে পারে। সমস্যা দেখা দেয় তখনই, যখন দিনে অতিরিক্ত চা পান করা হয় বা ক্লান্তি দূর করার একমাত্র ভরসা হয়ে ওঠে চা।
তাই চা পুরোপুরি বাদ দেওয়ার পরিবর্তে পরিমিত মাত্রায় পান করা, সুষম খাদ্যাভ্যাস মেনে চলা, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়াই দীর্ঘমেয়াদে সুস্বাস্থ্যের জন্য বেশি উপকারী।
Reporter Name 
























