সবুজদিন রিপোর্ট।।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পিকনিকের বাসের ধাক্কায় হামিম হোসেন নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাস্তা অতিক্রম করার সময় বাসের ধাক্কায় শিশুটির শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে।
নিহত হামিম উপজেলার দরগাপাড়া এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, শিশুটির মা বাড়িসংলগ্ন (পাঁচবিবি-হিলি) পাকা রাস্তার অপর পাশে রোদে ধান শুকাতে দেন। হামিম বাড়ি থেকে মায়ের কাছে যাওয়ার জন্য রাস্তা অতিক্রম করছিল। নওগাঁ এলাকা থেকে উত্তরের কোনো পিকনিক স্পটে দ্রুতগতিতে যাওয়া বাসের ধাক্কায় শিশুটির শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হলেও ঘাতক চালক বাসটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পাঁচবিবি থানার ওসি হাফিজ মো. রায়হান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা করা হয়। পরিবারকে লাশ দাফনে অনুমতি দেওয়া হয়েছে।
Reporter Name 





















