সবুজদিন রিপোর্ট।।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশ্যে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম বিডিআরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।
রোববার (৩১ মে) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে, গত ৩০ মে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে রফিকুল ইসলাম বিডিআর বলেন, আমাদের প্রধানমন্ত্রীর অল্প বয়স, বুদ্ধি পাঁকা হয়নি এখনো, ওনার একজন উপদেষ্টা দরকার।
তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। দায়িত্বশীল রাজনৈতিক পদে থেকে এমন মন্তব্যকে অনেকেই রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও কুরুচিপূর্ণ বক্তব্য বলে অবহিত করেন। পরবর্তীতে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও প্রচারিত হয়।
ঘটনার পর সাংগঠনিকভাবে বিষয়টি আমলে নেয় জেলা বিএনপি। দলীয় আদর্শ, শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থি আচরণের অভিযোগে গত ৩১ মে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রফিকুল ইসলামকে কারণ দর্শানোর দেন।
এ বিষয়ে জানতে রফিকুল ইসলামের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সম্প্রতি প্রকাশ্যে দেওয়া রফিকুল ইসলামের বক্তব্য দলীয় আদর্শ, নীতি ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি হওয়ায় তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে উত্থাপিত অভিযোগের বিষয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখা জেলা বিএনপির কাছে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
Reporter Name 





















