সবুজদিন রিপোর্ট।।
ফরিদপুর মাদকসহ আটকের পর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে।
নিহত মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত (২৪) ফরিদপুরের মধুখালী উপজেলার গাড়াখোলা গ্রামের মির্জা ইসকান্দার হায়দারের ছেলে এবং ফরিদপুর আইন কলেজের ছাত্র।
নিহতের পরিবার জানায়, গতকাল শনিবার বিকেলে প্রান্তকে তার বাড়ির কাছ থেকে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল আটক করে। এ সময় তার কাছে মাদক ছিল জানিয়ে ডিবি তাকে ফরিদপুরে নিয়ে আসে। সকালে পুলিশের পক্ষ থেকে তার মৃত্যুর খবর জানানো হয় পরিবারকে।
নিহতের মা মির্জা খাদিজা আক্তার নিপার অভিযোগ, প্রান্তকে বেধড়ক মারপিট করে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, পুলিশ মাদকসহ প্রান্তকে আটক করে নিয়ে আসে। সকালে অসুস্থতা বোধ করলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রান্তের মৃত্যু হয়।
তিনি আরও জানান, শারীরিকভাবে আঘাতের কোনো চিহ্ন তার শরীর নেই। তবে তিনি কোনো রাজনৈতিক দলের কর্মী কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। প্রান্তের বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
Reporter Name 




















