মোংলা প্রতিনিধি
মোংলায় কাপালিরমেঠসহ সাত গ্রামের প্রায় ১০ হাজার মানুষের চলাচলের একমাত্র সরকারি রাস্তা নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গ্রামবাসী।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে বুড়িরডাঙ্গা ইউনিয়নের কাপালিরমেঠ এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী শত শত নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধন শেষে বক্তারা বলেন, আমাদের বাপ-দাদার আমল থেকে সরকারি এই রাস্তা দিয়ে চলাচল করে আসছি। সাতটি গ্রামের ১০ হাজারের বেশি মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে রাস্তাটি পাকা করার উদ্যোগ নেয়া হলেও এক প্রভাবশালী ব্যক্তি এতে বাধা সৃষ্টি করছেন। আমরা ওই ব্যক্তির বিচার এবং দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানাচ্ছি।
তারা আরও বলেন, এ ঘটনায় জেলা প্রশাসনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দফতরে গণস্বাক্ষরযুক্ত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু প্রভাবশালী ওই ব্যক্তির কারণে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।
স্থানীয়রা জানান, প্রায় ৫০ থেকে ৬০ বছর পুরোনো ইটের ভাঙাচোরা রাস্তাটি বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সম্প্রতি রাস্তাটি পাকা করার জন্য সরকারি বরাদ্দ দেওয়া হলে ঠিকাদার কাজ শুরু করতে যান। এ সময় রাস্তার পাশের এক প্রভাবশালী জমির মালিক কাজে বাধা দেন। এ ঘটনায় কাপালিরমেঠ, দোয়ানেরকুল, বুড়িরডাঙ্গা, কাঠামারী, গজগজিয়া, নলবুনিয়া ও ছত্রিশকুড়া গ্রামের মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, ওখানে খাস জমি নিয়েও কিছু জটিলতা রয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Reporter Name 























