নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি রোধে ফিলিং স্টেশনগুলোতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। তেলের মজুদ থাকা সত্ত্বেও বিক্রি না করা ও বিক্রির যন্ত্র বন্ধ রাখার অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কারিমুল মওলার নেতৃত্বে নগরীর প্রায় ১০টি ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে দেখা যায়, কয়েকটি ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখেছে। কোথাও আবার তেল বিক্রির যন্ত্র বন্ধ রাখা হয়েছে। এসব অপরাধে চারটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের মজুদ, সরবরাহ পরিস্থিতি ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। পাশাপাশি ক্রেতাদেরও সচেতন করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কারিমুল মওলা বলেন, সরকার জ্বালানি তেল বিক্রির বিষয়ে পরিষ্কার নির্দেশনা দিয়েছে। পাম্পগুলোতে পর্যাপ্ত তেল সরবরাহ ও মজুদ থাকা সত্ত্বেও কিছু জায়গায় তেল সংকটের গুজব ছড়ানো হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী সেই গুজবকে কাজে লাগিয়ে তেল বিক্রি বন্ধ রেখেছেন।
তিনি বলেন, এমন অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। একই সঙ্গে জনসাধারণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের সংকট নেই। পাম্পগুলোতে পর্যাপ্ত তেল মজুদ রয়েছে এবং সরবরাহও স্বাভাবিক রয়েছে।
Reporter Name 
























