সবুজদিন রিপোর্ট।।
বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ব্রাজিল ও মরক্কোর খেলা নিয়ে এ উন্মাদনা শুরু হয়। তবে খেলা দেখা শেষে মারামারির ঘটনা ঘটেছে।
রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ হবিবুর রহমান মাঠে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, খুবই নগন্য বিষয় নিয়ে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। গোল হওয়ার পর সবাই লাফালাফি শুরু করে। পরে বসতে গিয়ে জায়গা না পেয়ে বাগবিতণ্ডা হয়। পরে মারামারি বাধে। তবে বিষয়টি তখনই সমাধান করা হয়েছে। কেউ লিখিত অভিযোগ দেয়নি। দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া এমন ঘটনা যাতে আর না ঘটে সেজন্য আমরা সজাগ আছি।
জানা গেছে, আজ ভোর ৪টায় ব্রাজিল ও মরক্কোর খেলা ঘিরে ক্যাম্পাসে এ উন্মাদনা শুরু হয়। ক্যাম্পাসে রাকসু ও ছাত্রদল বড়পর্দায় পৃথক আয়োজনে খেলা দেখার আয়োজন করে। পরিবহন মার্কেটে ছাত্রদল ও শহিদ হবিবুর রহমান মাঠে রাকসু এ আয়োজন করে। খেলা শেষে কথাকাটাকাটি নিয়ে মাঠেই এ হাতাহাতির ঘটনা ঘটে। বিবিএ অনুষদ ও ট্রিপল-ই বিভাগের শিক্ষার্থীরা এ ঘটনায় জড়িত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রাকসু নেতৃবৃন্দ বলেন, মারামারির বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমরা তৎক্ষণাৎ সংঘাত থামানোর চেষ্টা করেছি। পরবর্তীতে এ বিষয়ে আরও সজাগ থাকবো।
Reporter Name 

























