সবুজদিন রিপোর্ট।।
পটুয়াখালীর বাউফলে মানবেতর জীবনযাপন করা সনাতন ধর্মাবলম্বী তিন প্রতিবন্ধী ভাইয়ের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত নিজের এক মাসের বেতন-ভাতা তাদের সহায়তায় দেওয়ার পাশাপাশি বসতঘর পুনর্নির্মাণ ও নিয়মিত খাবারের ব্যবস্থার ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
তিনি জানান, পটুয়াখালী-২ (বাউফল) আসনের ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের প্রতিবন্ধী তিন ভাই—রিপন দাস, সাধু দাস ও নিধু দাসের পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে তার এক মাসের সংসদ সদস্য ভাতা প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাদের বসতবাড়ি পুনর্নির্মাণ এবং নিয়মিত খাদ্য সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুল ইসলাম মাসুদ বলেন, সংবাদমাধ্যমে প্রতিবন্ধী তিন ভাইয়ের দুর্দশার খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি তার নজরে আসে। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অধিকার রাষ্ট্রের পক্ষ থেকে শতভাগ নিশ্চিত করা প্রয়োজন।
এ সময় তিনি সংবিধান সংস্কার প্রসঙ্গও তুলে ধরেন। বিএনপি নির্বাচনের আগে সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় এসে সে অবস্থান থেকে সরে গেছে বলে অভিযোগ করেন তিনি। সরকারের প্রতি সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বানও জানান জামায়াতের এই নেতা।
এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতে ইসলামী ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না। দলমত, ধর্ম-বর্ণ বা জাতিগত পরিচয় নির্বিশেষে সব নাগরিককে সমানভাবে বিবেচনা করে দলটি। ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাও ইসলামের নির্দেশনা বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্য ও প্রতিবন্ধকতার মধ্যে মানবেতর জীবন কাটাচ্ছিলেন রিপন, সাধু ও নিধু দাস। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তাদের সহায়তায় এগিয়ে আসার ঘোষণা দেন স্থানীয় সংসদ সদস্য।
Reporter Name 





















