লাইফস্টাইল ডেস্ক
ফল খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, তা প্রায় সকলেই জানেন। ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট আর খনিজে ভরপুর ফল শরীরকে ভিতর থেকে সতেজ রাখে। তবে সব রকমের ফল খোসা-সহ খাওয়া যায় না। তাই খাওয়ার আগে খোসা ছাড়িয়ে সাধারণত সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। তবে রূপচর্চা বিশেষজ্ঞরা বলছেন, ফেলে না দিয়ে ফলের ওই খোসা দিয়েই রোজের ত্বকচর্চা করে ফেলা যায়। কারণ, ফলের খোসাতেও প্রায় ফলের মতোই পুষ্টিগুণ রয়েছে। এই গরমে ত্বকের ক্লান্তি দূর করতে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা বা গ্লো ফিরিয়ে আনতে ফলের খোসা ম্যাজিকের মতো কাজ করে।

কমলালেবুর খোসা
কমলালেবুর খোসায় রয়েছে ভিটামিন সি, ক্যালশিয়াম এবং অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান। তৈলাক্ত ত্বকের জন্য এটি অত্যন্ত উপকারী। ত্বকের অতিরিক্ত তেল বা সেবামক্ষরণ নিয়ন্ত্রণ করে, ব্রণ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়া ধ্বংস করে কমলার খোসা। একইসঙ্গে মুখে কোনও কালচে দাগ থাকলেও তা দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে।
যেভাবে ব্যবহার করবেন: কমলার খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিন। টক দই বা গোলাপজলের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করুন।

কলার খোসা
কলার খোসায় রয়েছে ভিটামিন এ, বি৬, বি১২, সি, ডি এবং পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং আয়রন। শুষ্ক ত্বক জন্য কলার খোসা দারুণ কাজের। এর অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণের কারণে এটি এগজিমা বা সোরাইসিসের মতো সমস্যাও বশে রাখে।
যেভাবে ব্যবহার করবেন: পাকা কলার খোসার ভিতরের সাদা অংশটি সরাসরি ত্বকে আলতো করে ঘষুন। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
পাকা পেঁপেতে রয়েছে ভিটামিন এ, ই, বি৫ এবং ‘প্যাপেইন’ নামক বিশেষ এনজাইম। ত্বকের উপরে জমে থাকা মৃত কোষ দূর করতে বিশেষ ভাবে সাহায্য করে এটি। স্কিন টেক্সচারও ভালো হয় এবং ত্বক উজ্জ্বল করে তোলে।
যেভাবে ব্যবহার করবেন: পেঁপের খোসার ভিতরের অংশটি সরাসরি মুখে মাখা যেতে পারে। না হলে খোসা বেটেও মাখতে পারেন। মাখার পর মিনিট দশেক অপেক্ষা করুন। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

ডালিমের খোসা
ডালিমের খোসায় প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। বয়সের ছাপ বা বলিরেখা প্রতিরোধে এই উপাদানটি দারুণ কাজ করে। এটি ফ্রি-র্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকেও ত্বককে রক্ষা করে।
যেভাবে ব্যবহার করবেন: ডালিমের খোসা শুকিয়ে গুঁড়ো করে সামান্য লেবুর রস বা মধুর সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন।

আপেলের খোসা
আপেলের খোসায় রয়েছে ভিটামিন এ, সি এবং কপার। প্রাকৃতিক ভাবে ত্বকে কোলাজেন উৎপাদন বাড়িয়ে তুলতে সাহায্য করে এটি। যা ত্বককে টানটান ও তরুণ রাখে। এ ছাড়া এটি ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে প্রাকৃতিক ভাবে লাবণ্য এনে দেয়।
যেভাবে ব্যবহার করবেন: আপেলের খোসা অনেকেই হজম করতে পারেন না। সে ক্ষেত্রে খোসা ছাড়িয়ে আপেলটা খেয়ে নিন। আর খোসা ফেলে না দিয়ে বেটে মুখে মেখে রাখুন। মিনিট দশেক পর জল দিয়ে ধুয়ে নিন।
Reporter Name 





















