সবুজদিন রিপোর্ট।।
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকার ক্ষমতা দখলের জন্য নয়, বরং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। এই দায়িত্ব পালনে তিনি নৈতিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে লক্ষ্মীপুর শহরের সোনারবাংলা চাইনিজ রেস্তোরাঁয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগের প্রধানমন্ত্রীর মতো নন, তার নেতৃত্ব ও কর্মপদ্ধতিতে ভিন্নতা রয়েছে। তিনি নিয়মিত সকাল ৯টায় অফিসে উপস্থিত হচ্ছেন, যা আগে সচরাচর দেখা যেত না। এর ফলে সরকারি কর্মকর্তাদের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষও এর সুফল পাচ্ছে।
তিনি আরও বলেন, আগে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ১৫ থেকে ২০টি গাড়ি থাকত। কিন্তু গত এক মাসে রাজধানী ঢাকায় তেমন কোনো বহর দেখা যায়নি। এতে বোঝা যায়, বর্তমান প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কাছাকাছি থাকতে চান এবং তিনি একজন দেশপ্রেমিক ও জনগণের প্রধানমন্ত্রী।
মন্ত্রী এ্যানি বলেন, দায়িত্ব গ্রহণের এক মাসও পূর্ণ হয়নি, তবুও প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে জনগণের মধ্যে নতুন আশা ও আস্থা সৃষ্টি করেছেন। প্রায় ২০ কোটির মানুষের এই দেশে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। দেশের প্রতি মমতা ও দায়িত্ববোধ জাগিয়ে তুলতে প্রধানমন্ত্রী একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর সভাপতি শংকর মজুমদার এবং সঞ্চালনা করেন যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা।
এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মণ্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, জেলা হিন্দু খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক রত্নদ্বীপ পাল, সদস্য সচিব মানিক সাহা এবং জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
Reporter Name 





















